চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় পুলিশের অভিযানে ৩ কেজি ১২৯.৭ গ্রাম অবৈধ স্বর্ণসহ সুধীর কুমার ধর (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্যমতে, তিনি স্বর্ণ চোরাকারবারে জড়িত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট সংলগ্ন পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) পুলিশ এ তথ্য জানায়।
গ্রেপ্তার সুধীর কুমার ধর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার ননী গোপালের বাড়ির বাসিন্দা।
পুলিশ জানায়, সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এবং পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন লাবুর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোছাইনের নেতৃত্বে অভিযানে অংশ নেন থানার পুলিশ সদস্যরা।
অভিযানের সময় আকবরশাহ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সিটি গেট এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
একপর্যায়ে পুলিশ চেকপোস্টের বক্সের সামনে পাকা সড়ক থেকে সুধীর কুমার ধরকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৩ কেজি ১২৯.৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সুধীর কুমার ধরের বিরুদ্ধে আকবরশাহ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলার নম্বর ১৪। তারিখ ১২ নভেম্বর ২০২৬। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, সুধীর কুমার ধর একজন স্বর্ণ চোরাকারবারি।




