জঙ্গল সলিমপুরে ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কে ডিবির আঘাত, গ্রেপ্তার ৬

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকেন্দ্রিক অপরাধী নেটওয়ার্কের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চিহ্নিত সন্ত্রাসী মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিনসহ তাঁর নেটওয়ার্কের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

তাঁদের বিরুদ্ধে এসআরবি সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোর মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

- Advertisement -
google news follower

বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার অন্য পাঁচজন হলেন আব্দুর শুক্কুর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন।

- Advertisement -
islamibank

পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানার নেতৃত্বে জেলা সাইবার ইউনিটের বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, গ্রেপ্তার আব্দুর শুক্কুর ছিলেন ইয়াসিনের সেকেন্ড ইন কমান্ড।

ইয়াসিনের বিভিন্ন কর্মকাণ্ড, জমি কেনাবেচা এবং অপরাধমূলক কার্যক্রম পরিচালনায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি পুলিশের।

অন্যদিকে মেহেদী হোসেন ও মো. সাকিবুল হাসান আপন দুই ভাই। তাঁরা ইয়াসিনের বোনের ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁরা ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’ নামের একটি ফেসবুক পেজের অ্যাডমিন।

গ্রেপ্তার আনোয়ার হোসেনও ইয়াসিনের বোনের ছেলে। বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আর পারভেজ মোশারফকে ইয়াসিনের সহযোগী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

পুলিশের দাবি, ইয়াসিনের নির্দেশনায় পরিচালিত এই নেটওয়ার্ক শুধু অপরাধমূলক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ ছিল না; সামাজিক যোগাযোগমাধ্যমকেও ব্যবহার করা হতো তাদের কার্যক্রমের অংশ হিসেবে।

ফেসবুক পেজ ও ভুয়া আইডির মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ পেয়েছে পুলিশ।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পুলিশ, বিজিবি ও এসআরবির অভিযান এবং সরকারি সিদ্ধান্ত নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়ানো হতো। পরিকল্পিতভাবে পোস্ট প্রকাশ, সমন্বিত লাইক-কমেন্ট-শেয়ার এবং অর্থের বিনিময়ে পেইড বুস্টিংয়ের মাধ্যমে এসব প্রচারণা বিস্তারের চেষ্টা করা হতো।

এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনবিরোধী মনোভাব তৈরির লক্ষ্য ছিল বলে মনে করছে পুলিশ।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে আটটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসব ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার করা মোবাইল ফোন ও ডিজিটাল আলামত পর্যালোচনা করে এরই মধ্যে ৩৯টি ফেসবুক পেজ ও আইডির সন্ধান পাওয়া গেছে। এসব পেজ ও আইডির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে অনুসন্ধান চলছে।

এ ছাড়া সংশ্লিষ্ট পেজ-আইডির কার্যক্রম, যোগাযোগ, অর্থায়ন এবং অনলাইন প্রচারণার নেপথ্যে থাকা ব্যক্তিদের বিষয়ে তদন্ত করা হচ্ছে। ডিজিটাল আলামত বিশ্লেষণে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম জেলা পুলিশের ভাষ্য, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী তৎপরতা, ভূমি দখল, অবৈধ বাণিজ্য ও প্রতারণা প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।

সরকারি খাসজমি ও পাহাড় রক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাই এসব কার্যক্রমের মূল লক্ষ্য।

এ জন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশ আরও বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি, মিথ্যা তথ্য কিংবা অর্থের বিনিময়ে পরিকল্পিত প্রচারণার মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সরকারি আইনানুগ কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ