বৈধ আয়ের সঙ্গে সম্পদের হিসাবে গরমিল, সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-১৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

- Advertisement -

তাঁর বৈধ আয় ও অর্জিত সম্পদের হিসাব পর্যালোচনায় এই বিপুল পরিমাণ অর্থের অসংগতি পেয়েছে সংস্থাটি।

- Advertisement -
google news follower

বুধবার (১৮ নভেম্বর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি (মামলা নম্বর-৮) দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক সায়েদ আলম।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন।

- Advertisement -
islamibank

মামলার এজাহার সূত্রে জানা যায়, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ২০১৪ সালে দশম এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

দুদকের অনুসন্ধানে ২০০৬-০৭ থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত তাঁর আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হয়। এতে বাড়িভাড়া, রেমিট্যান্স, শিক্ষকতা এবং সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সম্মানিসহ বিভিন্ন খাত থেকে তাঁর মোট ৩ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৪৪৩ টাকা বৈধ আয় থাকার তথ্য পাওয়া যায়।

তবে অনুসন্ধানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) থেকে সম্মানি ও বকেয়া বেতন-ভাতা বাবদ ২ কোটি ৭২ লাখ ১৭ হাজার ৫০৪ টাকা উত্তোলনের বিষয়টি উঠে আসে।

২০২০-২১ থেকে ২০২২-২৩ অর্থবছরে উত্তোলিত এই অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী অবৈধভাবে গ্রহণ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছে দুদক।

এ কারণে ওই অর্থকে অবৈধ আয় হিসেবে বিবেচনায় নিয়েছে সংস্থাটি।

এজাহারে আরও বলা হয়, স্ত্রী-সন্তানসহ পারিবারিক আয় বিবেচনায় নদভীর মোট নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৬৭৩ টাকা।

বিপরীতে তাঁর বৈধ আয়ের পরিমাণ ৩ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৪৪৩ টাকা। অর্থাৎ বৈধ আয়ের তুলনায় অর্জিত সম্পদের পরিমাণ ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকা বেশি।

দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে এই অবৈধ সম্পদ অর্জন করেছেন সাবেক সংসদ সদস্য নদভী।

এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় তাঁর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ