সবই ছিল মহড়ার দৃশ্য

বন্দরে আগুন জ্বালিয়ে আত্মগোপন, শেষ পর্যন্ত ধরা পড়ল পাঁচ ‘সন্ত্রাসী’!

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে বুধবার বেলা ১১টার সময় হঠাৎ অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা। আগুন জ্বালিয়ে কনটেইনার ইয়ার্ডে আত্মগোপন করে তারা। অস্ত্রসহ একটি পিকআপ নিয়ে বন্দরে অনুপ্রবেশের ঘটনাও ঘটে।

- Advertisement -

খবর পেয়ে দ্রুত সক্রিয় হয় নিরাপত্তা বাহিনী। শুরু হয় অভিযান। একপর্যায়ে আটক করা হয় পাঁচজনকে। জব্দ করা হয় হামলায় ব্যবহৃত পিকআপটি। তল্লাশিতে উদ্ধার হয় অস্ত্র।

- Advertisement -
google news follower

দৃশ্যটি দেখে বাস্তব কোনো সন্ত্রাসী হামলার ঘটনা মনে হলেও আদতে এটি ছিল একটি বিশেষ নিরাপত্তা মহড়ার অংশ।

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তাব্যবস্থা কতটা প্রস্তুত, জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কত দ্রুত ও সমন্বিতভাবে সাড়া দিতে পারে, তা যাচাই করতেই আয়োজন করা হয় লাইভ অ্যান্টি-টেররিজম মহড়ার।

- Advertisement -
islamibank

বন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার, আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী প্রস্তুতি যাচাই এবং সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড ও নিরাপত্তা হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত সক্ষমতা বাড়ানো ছিল এ মহড়ার মূল উদ্দেশ্য।

মহড়ায় প্রথমে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ, কুইক রেসপন্স টিম (QRT) মোতায়েন এবং প্রাথমিক তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে ঘোষণা করা হয় সর্বোচ্চ নিরাপত্তা স্তর–৩।

এরপর বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর অগ্নিনির্বাপণ দল ও কমান্ডো দল এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়।

কনটেইনার ইয়ার্ডে আত্মগোপনকারী অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করার দৃশ্যও তুলে ধরা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি মহড়ায় প্রদর্শন করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ মহড়ার উদ্বোধন করেন।

বন্দরের ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) মনিটরিং সেলের সার্বিক তত্ত্বাবধানে এ মহড়ার আয়োজন করা হয়।

আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আইএসপিএস কোড একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড।

জাহাজ ও বন্দর স্থাপনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা এবং সম্ভাব্য অন্যান্য নিরাপত্তা হুমকি থেকে সুরক্ষিত রাখতে এ কোড প্রণীত হয়েছে।

পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে বন্দরের নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা, জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করতে নিয়মিত মহড়া ও অনুশীলনের গুরুত্ব রয়েছে।

মহড়ায় পর্যায়ক্রমে বন্দর স্থাপনার নিরাপত্তা স্তর–১, স্তর–২ ও সর্বোচ্চ নিরাপত্তা স্তর–৩ ঘোষণা এবং তা বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন ধরনের সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই করা হয়।

মহড়ার উল্লেখযোগ্য অংশজুড়ে ছিল ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বন্দরে প্রবেশের চেষ্টা, অগ্নিকাণ্ড মোকাবিলা, জোরপূর্বক বন্দরে প্রবেশের চেষ্টা, সন্দেহজনক বস্তু শনাক্ত ও বোমা নিষ্ক্রিয়করণ এবং অস্ত্রসহ সন্দেহজনক যানবাহন নিয়ে অনুপ্রবেশের পরিস্থিতি।

চূড়ান্ত পর্যায়ে সেনাবাহিনী, সোয়াট ও কোস্ট গার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে কনটেইনার ইয়ার্ডে আত্মগোপনকারী অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করার দৃশ্য দেখানো হয়।

অগ্নিকাণ্ড মোকাবিলায় অংশ নেয় চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস, নিমতলাস্থ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার টিম।

অন্যদিকে সন্দেহজনক বিস্ফোরক বস্তু শনাক্ত ও নিষ্ক্রিয় করার দায়িত্ব পালন করে বাংলাদেশ নৌবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। বিভিন্ন বাহিনীর সম্মিলিত অংশগ্রহণে মহড়াটি হয়ে ওঠে আরও বাস্তবভিত্তিক।

মহড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগ ও নিরাপত্তাকর্মীদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনীর অগ্নিনির্বাপণ দল ও কমান্ডো দল, বাংলাদেশ কোস্ট গার্ড, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো অংশ নেয়।

এর মাধ্যমে বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয়, তথ্য আদান-প্রদান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, কুইক রেসপন্স টিমের কার্যকারিতা, অগ্নিনির্বাপণ, উদ্ধার কার্যক্রম এবং যৌথ অভিযানের সক্ষমতা যাচাই করা হয়।

মহড়ার সব কার্যক্রম শেষ হওয়ার পর পর্যায়ক্রমে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

পুনরায় নিরাপত্তা স্তর–২ ও স্তর–১ কার্যকর করার মাধ্যমে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার প্রক্রিয়াও প্রদর্শন করা হয়।

বাস্তব পরিস্থিতির আদলে সাজানো এ মহড়ার মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা প্রস্তুতি এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় বিভিন্ন বাহিনী ও সংস্থার সম্মিলিত সক্ষমতা যাচাইয়ের সুযোগ তৈরি হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ