চট্টগ্রাম নগরের পাঁচলাইশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন ধরিয়ে দেয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় হঠাৎ নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে যান। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না।
দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকে। আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার পর বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অধ্যাপক ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে পাঁচলাইশের এই বাড়িতে। তার মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে।
এর আগে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জেএন/এমআর




