অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদ, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, শ্রমিকদের ন্যূনতম মজুরি, শিল্পকারখানা বন্ধ ও কর্মসংস্থানের সংকট এবং নারী নির্যাতন প্রতিরোধ-বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ১১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী শাখা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ, আলোচনা সভা, শ্রমিক সম্মেলন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে দলটি।
কর্মসূচিতে রাজনৈতিক ইস্যুর পাশাপাশি শ্রমিক অধিকার, শিল্পের সংকট, নারী নির্যাতন প্রতিরোধ, স্বাস্থ্যসেবা এবং আন্তর্জাতিক সংহতির বিষয়ও স্থান পেয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
ঘোষিত কর্মসূচির প্রথম দিন শুক্রবার (২০ নভেম্বর) গণভোটের গণরায় মেনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং অগ্নিসন্ত্রাসী ও দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির দাবিতে নগরীর গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানে বিক্ষোভ মিছিল করবে জামায়াত।
পরদিন শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ এবং চট্টগ্রাম জেটিতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের কর্মসূচি রয়েছে দলটির।
রোববার (২২ নভেম্বর) জামায়াতের আইনজীবী শাখার উদ্যোগে শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর শাহাদাত দিবস উপলক্ষে ‘ফ্যাসিবাদ ও বিচারিক হত্যাকাণ্ড’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
শ্রমিকদের অধিকার ও শিল্প খাতের সংকটও কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে। সোমবার (২৩ নভেম্বর) শ্রমিক ও পেশাজীবী নেতাদের উদ্যোগে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আলোচনা সভা হবে।
পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) ব্যবসায়ী নেতাদের উদ্যোগে চট্টগ্রামে শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া, কর্মহীনতা ও অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সন্ত্রাস-নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করবে দলটি।
একই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহানগরী মহিলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
এরপর ২৬ নভেম্বর জামায়াতের আইনজীবী শাখার উদ্যোগে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের শাহাদাত দিবস পালন করা হবে।
২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
একই দিন ন্যাশনাল ডক্টরস ফোরাম, চট্টগ্রামের উদ্যোগে শহীদ ডা. মিলন দিবস পালন করা হবে।
সামাজিক ও জনস্বাস্থ্যসংশ্লিষ্ট উদ্যোগও রয়েছে কর্মসূচিতে। ২৮ নভেম্বর মহানগরী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে বাদ পড়া শিশুদের হাম-রুবেলা টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করবে মহানগরী ওলামা বিভাগ।
কর্মসূচির শেষ দিন ৩০ নভেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন থানায় সন্ত্রাস-নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে জামায়াত নেতারা বলেন, দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
ঘোষিত কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচি সফল করতে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তাঁরা।




