দুই মাসের ছুটিতে দেশে ফিরেছিলেন কাতারপ্রবাসী ইঞ্জিনিয়ার নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। স্বপ্ন ছিল পরিবার ও আট মাসের শিশুসন্তানের সঙ্গে সময় কাটিয়ে আবারও কর্মস্থলে ফিরবেন।
কিন্তু ডেঙ্গু জ্বর কেড়ে নিল সেই স্বপ্ন, প্রবাসের বদলে তাকে ফিরতে হলো মাটির কবরে।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শনিবার জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
নেজাম উদ্দিন পারভেজ চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়ার নুর হোসেন সওদাগরের বাড়ির আহম্মদ নবীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৮ সালে জীবিকার সন্ধানে কাতারে পাড়ি জমান পারভেজ। সেখানে তিনি ব্যবসার পাশাপাশি প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
দীর্ঘ প্রবাস জীবনে এর আগে তিনবার ছুটিতে দেশে এসেছিলেন। সর্বশেষ প্রায় ২০ থেকে ২৫ দিন আগে দুই মাসের ছুটি নিয়ে দেশে ফেরেন তিনি।
পারভেজের বাবা আহম্মদ নবী জানান, পাঁচ দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন পারভেজ। শারীরিক অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর অবস্থার আরও অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারভেজের ছোট বোনের স্বামী গিয়াস উদ্দিন জানান, দুই বছর আগে দেশে এসে পারিবারিকভাবে বিয়ে করেন পারভেজ।
স্ত্রী আছমিরা মেহনাজের সঙ্গে তার আট মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম ফারহিনানা পারভেজ আয়রা।
হাসপাতালে মৃত্যুর আগ মুহূর্তে পারভেজের শয্যার পাশে ছিলেন গিয়াস উদ্দিন। সেই বেদনাদায়ক মুহূর্তের স্মৃতিচারণ করে গিয়াস উদ্দিন বলেন, মৃত্যুর আগে হাতের ইশারায় তাকে কাছে ডেকে নিজের বুকের ওপর তার ডান হাত রেখে পারভেজ বলেছিলেন, ‘আমি মনে হয় বাঁচব না। আমার ছোট্ট কলিজা মেয়েকে আপনার হাতে দিয়ে গেলাম।’
আক্ষেপের সুরে গিয়াস উদ্দিন আরও বলেন, ‘দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন পারভেজ। কিন্তু প্রবাসে আর ফেরা হলো না তার। ফিরতে হলো মাটির কবরে।’
অকালে এমন মৃত্যুতে বোয়ালখালীর বাংলা পাড়া ও আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।




