গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সংগঠনটির নেতারা বলেছেন, অতীতের মতো দলটিকে আবারও রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হলে তার পরিণতি ভালো হবে না।
আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলটির শাসনামলে নির্যাতন, গুম, খুন ও হত্যাকাণ্ডের শিকার শহীদ পরিবার এবং আহত ব্যক্তিদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
বিবৃতিতে তাঁরা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। জুলাই গণঅভ্যুত্থানের মুখে গণহত্যা চালানোর পর দলটির নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছেন।
তাঁদের অভিযোগ, দিল্লির মদদে আওয়ামী লীগ আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
হেফাজত নেতারা আরও বলেন, দলটির আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন সফল হতে দেওয়া হবে না। একই সঙ্গে তাঁদের ভাষ্য, আওয়ামী লীগের বাংলাদেশবিরোধী এজেন্ডার পক্ষে কাজ করছে-এমন গণমাধ্যমও ভবিষ্যতে গণপ্রতিরোধের মুখে পড়তে পারে।
বিবৃতিতে পিলখানা, শাপলা, জুলাই ও মোদিবিরোধী আন্দোলনের শহীদ এবং আহত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। হেফাজত নেতারা বলেন, এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে।
তাঁদের অভিযোগ, ভুক্তভোগীদের বিচার ও ন্যায়বিচারের বিষয়টি গুরুত্ব না দিয়ে বিভিন্ন টকশো ও প্ল্যাটফর্মে এখনো পতিত আওয়ামী লীগ ও আধিপত্যবাদের এজেন্ডা অনুসারে বক্তব্য দেওয়া হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে জনগণের ক্ষোভ বাড়ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
হেফাজতের নেতারা বলেন, অতীতেও আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালে প্রতারণামূলকভাবে ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেও দলটি নিজেদের সংশোধন করেনি বলে তাঁদের দাবি।
তাই দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে বিগত শাসনামলে নির্যাতন ও নৃশংসতার শিকার শহীদ পরিবার এবং আহত ব্যক্তিদের মতামত ও আকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।
বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, রাষ্ট্রক্ষমতা দখলে নিয়ে ১৫ বছর ধরে গুম-খুন, পিলখানা, শাপলা ও জুলাইসহ একের পর এক গণহত্যা চালানোর পর বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনৈতিক বৈধতা থাকতে পারে না বলে তাঁরা মনে করেন।
তাঁদের ভাষ্য, আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল করা না গেলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে।
এ জন্য ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।
যৌথ বিবৃতিতে শেখ হাসিনার বিদেশে অবস্থান এবং তাঁকে আশ্রয় দেওয়ার বিষয়টিও তুলে ধরেন হেফাজত নেতারা।
তাঁরা দাবি করেন, ভারতের নানা চেষ্টা-তদবির সত্ত্বেও তৃতীয় কোনো রাষ্ট্র এখনো মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি।
বিবৃতিতে বলা হয়, কোনো সভ্য রাষ্ট্র এমন অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে পড়তে চায় না বলে তাঁদের ধারণা।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন ও সম্পাদকীয় মূল্যায়নের প্রসঙ্গ টেনে হেফাজত নেতারা বলেন, সম্প্রতি দ্য গার্ডিয়ান শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ হিসেবে তুলে ধরেছে।
অন্যদিকে দ্য ইকোনমিস্ট তাঁর শাসনকালকে ‘নিকৃষ্ট শাসন’ বলে অভিহিত করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতির শেষাংশে হেফাজত নেতারা বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমেও শেখ হাসিনার শাসনামলের চিত্র উঠে আসছে। ইতিহাস শেষ পর্যন্ত দাম্ভিক ও মাফিয়া শাসকদের পরিণতি নির্ধারণ করে দেয়।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে হেফাজতে ইসলাম বলেছে, দলটির বিরুদ্ধে ওঠা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচার নিশ্চিত করার পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে হবে।




