চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে প্রাণ হারিয়েছে ২১ মাস বয়সী শিশু আব্দুল্লাহ। পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার সময় সাপের কামড়ের শিকার হয় শিশুটি।
দ্রুত হাসপাতালে নেওয়া, প্রাথমিক চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রয়োগের পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
রোববার (২২ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত আব্দুল্লাহ বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়ার মো. ওসমান আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার খাচ্ছিলেন। এ সময় তাঁদের পাশেই ছিল শিশু আব্দুল্লাহ।
হঠাৎ শিশুটি কান্নাকাটি শুরু করলে তার মা ওয়াফিকা আলিফ একটি সাপকে সেখান থেকে চলে যেতে দেখেন। পরে শিশুটির শরীরে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা।
শিশুটিকে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়।
পরে অবস্থার উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মমিতা দাশ জানান, সাপের কামড়ে আক্রান্ত শিশুটিকে হাসপাতালে আনার পর অ্যান্টিভেনম দেওয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। চিকিৎসকের ধারণা, শিশুটিকে পদ্মগোখরা সাপে কামড়েছিল।
এদিকে সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় পারিবারিকভাবে শিশু আব্দুল্লাহর দাফন সম্পন্ন হয়েছে।




