শেষ মুহূর্তের বর্ণনায় জয়

‘প্রজাপতি’ থেকে ‘শান’, পর্দার পরিচিত মুখ অভিনেতা সোহেল খান আর নেই

অনলাইন ডেস্ক

অভিনেতা সোহেল খান আর নেই। বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে আকস্মিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি।

- Advertisement -

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে স্ট্রোক করার পর স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

- Advertisement -
google news follower

সোহেল খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি জানান, বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন এই অভিনেতা।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। সবকিছু ঠিক থাকলে আগামীকালই তাঁর শুটিং শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কাজ শেষ করে ফেরার আগেই থেমে গেল তাঁর জীবনের পথচলা।

- Advertisement -
islamibank

শুটিং ইউনিটের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। নিচে তাঁর জন্য গাড়িও অপেক্ষা করছিল। একপর্যায়ে তাঁকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য।

সেখানে তাঁকে মেঝেতে পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করেন। তাঁর সাড়া না পেয়ে দ্রুত অন্যরাও ছুটে আসেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মৃত্যুর আগের মুহূর্তের বর্ণনায় শাহরিয়ার নাজিম জয়

সোহেল খানের আকস্মিক মৃত্যুর আগে ঘটে যাওয়া ঘটনাগুলোর বর্ণনা দিয়েছেন একই সিনেমার সহশিল্পী অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘নসিব’ সিনেমার শুটিংয়ের জন্য তাঁরা বগুড়ার হোটেল মম ইনে অবস্থান করছিলেন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে জয় লেখেন, ‘একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম ‘নসিব’। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হলো। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় ওপরে উঠল। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান।’

এরপরের পরিস্থিতিও তুলে ধরেন জয়। তাঁর বর্ণনায়, সোহেল খানের মুখ দিয়ে রক্ত বের হতে দেখে উপস্থিত ব্যক্তিদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। কারণ, এর কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে তিনি নাশতায় ড্রাগন ফল খেয়েছিলেন। প্রথমে অনেকে সেটির প্রতিক্রিয়া বলে ধারণা করেছিলেন।

জয় লেখেন, ‘তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’

সহশিল্পীর এমন আকস্মিক চলে যাওয়ার ঘটনায় শোক প্রকাশ করে জয় তাঁর পোস্টে স্মরণ করেছেন সোহেল খানকে।

প্রায় দুই দশক আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন সোহেল খান। বিজ্ঞাপনে কাজের মধ্য দিয়ে পরিচিতি পাওয়ার পর ধীরে ধীরে যুক্ত হন টেলিভিশন নাটকে। একক ও ধারাবাহিক-দুই ধরনের নাটকেই নিয়মিত অভিনয় করেছেন তিনি।

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেছিলেন এই অভিনেতা। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘বউয়ের জ্বালা’, ‘খোঁজ: দ্য সার্চ’, ‘প্রজাপতি’, ‘কমন জেন্ডার’, ‘লাল টিপ’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা: দ্য লিডার’, ‘পরবাসিনী’, ‘বীর’, ‘কেমনে কী!’ ও ‘শান’।

এসব সিনেমায় কখনো পার্শ্বচরিত্রে, কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’-এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে তাঁর অভিনয় দর্শকের মনে জায়গা করে নেয়।

২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমাতেও অভিনয় করেছেন সোহেল খান। সেখানে তাঁকে দেখা গেছে গ্যারেজের মালিকের চরিত্রে।

সিনেমাটিতে সিয়াম আহমেদ ও শবনম বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছিলেন তিনি। নিজের চরিত্রে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বলেও জানিয়েছিলেন।

অভিনয়ের দীর্ঘ পথচলায় বিজ্ঞাপন, টেলিভিশন নাটক ও চলচ্চিত্র-তিন মাধ্যমেই কাজ করেছেন সোহেল খান। পর্দায় নানা চরিত্রে দর্শকের সামনে হাজির হওয়া এই অভিনেতার জীবনাবসান ঘটল নতুন একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে।

‘নসিব’ সিনেমার শুটিং শেষ হওয়ার কথা ছিল আগামীকাল। কিন্তু সেই শুটিং আর শেষ করা হলো না তাঁর। সহকর্মীদের সঙ্গে একই সিনেমায় কাজের স্মৃতি রেখে চিরবিদায় নিলেন অভিনেতা সোহেল খান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ