নারীর পরিচয়পত্রে হোটেলকক্ষ ভাড়া, শেষরক্ষা হলো না বদির ছেলে-ভাইয়ের

অনলাইন ডেস্ক

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

গ্রেপ্তার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন এবং হোটেলে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কক্ষ ভাড়া নেওয়ার তথ্যও জানিয়েছে পুলিশ।

- Advertisement -
google news follower

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়।

আটক অপর দুজন হলেন বদির সহযোগী সিআইপি আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। আটক শাওন আরমান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি।

- Advertisement -
islamibank

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকেই জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস ঘিরে অবস্থান নেয় কোতোয়ালি মডেল থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। রাত পৌনে ১টার দিকে হোটেলটিতে অভিযান শুরু হয়।

এ সময় সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে যাচাই-বাছাই করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রায় পাঁচ ঘণ্টার অভিযান ও অনুসন্ধান শেষে ভোর ৫টার দিকে চারজনকে আটক করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, আবদুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কক্সবাজারের একটি মামলাসহ ঢাকায়ও মামলা রয়েছে।

সংশ্লিষ্ট মামলার তথ্য এবং আটকের নির্দেশনার ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ওসি বলেন, আটক ব্যক্তিরা সিলেট নগরীতে অবস্থান করছেন-এমন তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

গ্রেপ্তার এড়াতে তারা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। এমনকি হোটেলে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কক্ষ ভাড়া নিয়েছিলেন বলেও জানান তিনি।

আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি।

পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কক্সবাজার পুলিশের সদস্যরা সিলেটে এসে তাদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করবেন।

এসব কার্যক্রম শেষে সংশ্লিষ্ট মামলার তথ্য, তদন্তের অগ্রগতি ও আইনগত প্রক্রিয়া অনুসারে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ