কাপ্তাইয়ের চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের রাইখালী টেকে অভিযান চালিয়ে ৭শ ৮২ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৪৫)। সে খাগড়াছড়ি দীঘিনালার ছোট হাজাছড়া বীরবাহু হেডম্যান পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যে জানতে পারি, কক্সবাজার হতে অবৈধ ইয়াবা নিয়ে কয়েকজন মাদক কারবারি চন্দ্রঘোনা ফেরীঘাট দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে।
এ খবরে চন্দ্রঘোনা থানাধীন রাইখালী বাজার এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে একজন পালিয়ে গেলেও ৭৮২ পিস ইয়াবাসহ অপর একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ওসি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন চন্দ্রঘোনা থানার উপ পরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন। আজ শনিবার সকালে তাকে রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে।
জেএন/পিআর




