মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সে আগুন: ১৫ মামলার তথ্যসহ যুবলীগকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় মো. রাজু (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার (২১ নভেম্বর) রাত আড়াইটার দিকে হাটহাজারীর আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি–মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) আমিনুর রশিদ।

পুলিশের দাবি, গ্রেপ্তার রাজু কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম মহানগর শাখার কর্মী। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মামলা থাকার তথ্য পেয়েছে পুলিশ।

- Advertisement -
islamibank

এসব মামলায় হত্যা, ডাকাতি, অস্ত্র, ছিনতাই ও সন্ত্রাসবিরোধী আইনের অভিযোগ রয়েছে।

পাঁচলাইশ মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত পৌনে একটার দিকে মুরাদপুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে পুলিশ বক্সটিতে আগুন ধরিয়ে দেয়।

সরকারি সম্পত্তির ক্ষতিসাধন ও মানুষের জীবন বিপন্ন করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে পুলিশের প্রাথমিক ভাষ্য। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনাস্থল থেকে একটি নীল রঙের দুই লিটারের খালি কোমল পানীয়ের বোতল, ‘FOSSIL EP-140 Gear Oil’ লেখা দুটি সিলভার রঙের বোতল এবং আংশিক পুড়ে যাওয়া একটি পুরোনো পাপস উদ্ধার করে জব্দ করে পুলিশ।

এ ঘটনায় ১৮ নভেম্বর পাঁচলাইশ মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬, ৮, ৯, ১০ ও ১২ ধারায় মামলা করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম মামলাটির বাদী।

মামলার তদন্তে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আড়াইটার দিকে হাটহাজারীর আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনায় তাঁর জড়িত থাকার বিষয়ে প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

পুলিশের দাখিল করা প্রতিবেদনে রাজুর বিরুদ্ধে খুলশী, পাঁচলাইশ ও কোতোয়ালী থানায় করা ১৫টি মামলার তথ্য উল্লেখ করা হয়েছে।

এসব মামলার মধ্যে হত্যা, ডাকাতি, অস্ত্র, ছিনতাই, মারামারি, সরকারি কাজে বাধা এবং সন্ত্রাসবিরোধী আইনের অভিযোগ রয়েছে।

মামলাটি তদন্তাধীন থাকায় তদন্তের স্বার্থে গ্রেপ্তার রাজুকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে ২১ নভেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে প্রতিবেদন দাখিল করেছেন পাঁচলাইশ মডেল থানার এসআই ফারুক আহমদ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ