আসন্ন নবম জাতীয় চ্যাম্পিয়নসশিপকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে চট্টগ্রাম বেসবল ক্লাব।
শক্তিশালী ও প্রতিযোগিতামূলক দল গঠনের লক্ষ্যে ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একটি জরুরি সভা।
সভায় টুর্নামেন্টে দলের অংশগ্রহণ, সাংগঠনিক প্রস্তুতি এবং সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ক্লাবের সভাপতি ইশতিয়াক আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক সিদ্দিক আল মামুন।
সভায় উপস্থিত সদস্যরা জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় চট্টগ্রাম বেসবল ক্লাবকে সফলভাবে প্রতিনিধিত্ব করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, জাতীয় চ্যাম্পিয়নশিপে ভালো ফল অর্জনের জন্য এখন থেকেই সুপরিকল্পিত প্রস্তুতির কোনো বিকল্প নেই।
খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন, দলীয় সমন্বয় এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. সাইফুল আলমকে নবম জাতীয় চ্যাম্পিয়নসশিপে চট্টগ্রাম বেসবল ক্লাবের ‘চিফ দ্য মিশন’ হিসেবে নির্বাচিত করা হয়।
তাঁর নেতৃত্বে দলটি জাতীয় প্রতিযোগিতায় আরও সুসংগঠিত ও কার্যকরভাবে অংশগ্রহণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্লাবের নেতারা।
সভা শেষে ক্লাবের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টা, সুশৃঙ্খল প্রস্তুতি এবং খেলোয়াড়দের সর্বোচ্চ নিবেদনের মাধ্যমে নবম জাতীয় চ্যাম্পিয়নসশিপে চট্টগ্রাম বেসবল ক্লাব উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে।
জাতীয় অঙ্গনে চট্টগ্রামের বেসবলকে আরও এগিয়ে নিতে এই অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করেন।




