কর্ণফুলীতে রডবোঝাই ট্রাক বিলে পড়ে তিন শ্রমিক আহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভোরের নীরবতা ভেঙে মুহূর্তেই ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা।

- Advertisement -

শহর থেকে আনোয়ারার দিকে রড নিয়ে যাওয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিলে উল্টে পড়ে।

- Advertisement -
google news follower

প্রাণ বাঁচাতে চালক ও হেলপার ট্রাক থেকে লাফিয়ে বেরিয়ে আসতে পারলেও রডের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ট্রাকে থাকা তিন শ্রমিক।

শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পিএবি সড়কের বড়উঠান ডাকপাড়া এলাকায় শরাফত অ্যান্ড ব্রাদার্স পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
islamibank

আহতরা হলেন বাঁশখালী উপজেলার আক্তার হোসেন (৪২), হামিরচর এলাকার রাসেল (৩৫) এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বাহাদুর (৩৮)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে প্রায় ৮ টন রড নিয়ে কেএসআরএমের চট্টমেট্রো-ট ১১-৫০৪৬ নম্বরের ট্রাকটি আনোয়ারার দিকে যাচ্ছিল।

ডাকপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটির ব্রেক বিকল হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ট্রাকটি সড়ক ছেড়ে পাশের বিলে উল্টে পড়ে।

দুর্ঘটনার সময় চালক ও হেলপার দ্রুত ট্রাক থেকে লাফিয়ে নিজেদের রক্ষা করতে সক্ষম হন। তবে পেছনে থাকা তিন শ্রমিক রডের নিচে চাপা পড়ে আটকা পড়েন।

খবর পেয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রড সরিয়ে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় তিন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়।

পরে তাঁদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইসমাইল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

প্রায় ১৫ মিনিটের মধ্যেই রডের নিচে চাপা পড়া তিন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। একই সঙ্গে দুর্ঘটনার কারণে সড়কে সৃষ্টি হওয়া যানজটও দ্রুত স্বাভাবিক করা হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, সড়কে চলাচলকারী ভারী যানবাহনে অনেক সময় ধারণক্ষমতার বাইরে মালামাল বহন করা হয়।

এ কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন বলেন, দুর্ঘটনার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ