চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝরঝরি ঝর্ণা দেখতে গিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় পথ হারিয়ে গহিন জঙ্গলে ঢুকে পড়েছিলেন দুই কলেজ শিক্ষার্থী।
মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায় তাঁদের। পরে নেটওয়ার্ক ফিরে এলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন তাঁরা।
সেই কলের সূত্র ধরে প্রায় ছয় ঘণ্টার অভিযানে তাঁদের জীবিত উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা-পুলিশ।
গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার পন্থীছিলা এলাকার ঝরঝরি ঝর্ণার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।
উদ্ধার দুই শিক্ষার্থী হলেন চট্টগ্রাম শহরের ফ্রীপোর্ট এলাকার বাসিন্দা শ্রাবণ দেব (১৯) ও মো. সিয়াম (১৯)।
পুলিশ ও উদ্ধার হওয়া দুই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দুপুর ৩টার দিকে তাঁরা চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডের ঝরঝরি ঝর্ণা এলাকায় ঘুরতে যান। ঝর্ণা দেখা শেষে ফেরার পথে পাহাড়ি এলাকায় পথ ভুলে তাঁরা গহিন জঙ্গলের দিকে ঢুকে পড়েন।
একপর্যায়ে দুর্গম পাহাড়ি এলাকায় গিয়ে তাঁরা বুঝতে পারেন, পরিচিত পথ হারিয়ে ফেলেছেন। এর মধ্যে মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকায় পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করতে পারেননি তাঁরা। ফলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে উদ্বেগ বাড়তে থাকে।
দীর্ঘ সময় পর মোবাইল ফোনে নেটওয়ার্ক ফিরে এলে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে তাঁদের অবস্থার কথা জানান। খবর পেয়ে দ্রুত তাঁদের উদ্ধারে অভিযান শুরু করে সীতাকুণ্ড মডেল থানা-পুলিশ।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করা হয়। স্থানীয়দের সহযোগিতা নিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় শুরু হয় পুলিশের অভিযান।
পাহাড়ি পথ, ঘন জঙ্গল ও দুর্গম ভূপ্রকৃতির কারণে অভিযানটি সহজ ছিল না। দীর্ঘ প্রায় ছয় ঘণ্টার চেষ্টার পর তাঁদের সন্ধান পাওয়া যায়।
অবশেষে শনিবার দিবাগত রাত ১টার দিকে দুই শিক্ষার্থীকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনূল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করে দীর্ঘ সময় অভিযান চালিয়ে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে প্রয়োজনীয় প্রাথমিক সহায়তা শেষে তাঁদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
পাহাড়ি ঝর্ণা ও দুর্গম এলাকায় ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে পুলিশ।
একই সঙ্গে স্থানীয়দের পরামর্শ মেনে চলা এবং দুর্গম এলাকায় একা বা বিচ্ছিন্নভাবে না যাওয়ার বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।




