চট্টগ্রাম নগরের ফলমন্ডিতে পণ্যের মূল্য তালিকা হালনাগাদ না রাখা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফলমন্ডিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ জরিমানা করা হয়।
অভিযানে মেসার্স রূপা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, মেসার্স নোমান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মেসার্স শাহরাস্তী ফার্মকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা হালনাগাদ রাখা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করা বাধ্যতামূলক। এসব নিয়ম মানা না হলে ভোক্তারা পণ্যের প্রকৃত মূল্য ও লেনদেনের তথ্য নিয়ে বিভ্রান্তিতে পড়তে পারেন।
চট্টগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা হালনাগাদ রাখা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করা বাধ্যতামূলক।
তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।




