চট্টগ্রাম নগরের নাসিরাবাদে একটি ময়দার মিলে অভিযান চালিয়ে ১২০ দশমিক ০৫ টন লাল গম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
লাইসেন্স ছাড়া সরকারি খাদ্যশস্য মজুতের অভিযোগে ‘ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল’ নামের প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
গত ১০ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরের বায়েজিদ বোস্তামী থানার নাসিরাবাদ এলাকায় প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৭, চট্টগ্রামের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউনাইটেড ফ্লাওয়ার্স মিলে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে লাইসেন্স ছাড়া ১ লাখ ২০ হাজার ৫০ কেজি লাল গম মজুত রাখার বিষয়টি উঠে আসে।
সরকারি খাদ্যশস্য নিয়মবহির্ভূতভাবে মজুত ও ব্যবসা পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুত করা ১২০.০৫ টন লাল গম জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জরিমানার অর্থ আদায় এবং জব্দ করা খাদ্যশস্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সরকারি খাদ্যশস্যের অবৈধ মজুত ও নিয়মবহির্ভূত ব্যবসা প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




