চট্টগ্রাম নগরের চকবাজারে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত এবং পণ্যের মোড়কে সংস্থাটির মানচিহ্ন ব্যবহারের দায়ে দুটি বেকারিকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ নভেম্বর) পরিচালিত এ অভিযানে কাপাসগোলা রোডের দোহা ফুডের মালিককে ১৫ হাজার টাকা এবং গুলজার মোড়ের মস্কো বেকার্সের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই বিভাগীয় অফিস সূত্রে জানা গেছে, দোহা ফুড বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্কস) লাইসেন্স ছাড়াই বিস্কুট, কেক ও সুইটমিটসের একাধিক ধরনের পণ্য বাজারজাত করছিল।
শুধু তা-ই নয়, এসব পণ্যের মোড়কেও ব্যবহার করা হচ্ছিল বিএসটিআইয়ের মানচিহ্ন। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, গুলজার মোড়ের মস্কো বেকার্স সিএম লাইসেন্স ছাড়াই বিস্কুট ও ব্রেডের বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছিল। পাশাপাশি প্রতিষ্ঠানটি শন পাপড়ির মোড়কে ব্যবহার করছিল বিএসটিআইয়ের মানচিহ্ন।
বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ২৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে প্রতিষ্ঠান দুটিকে সংশ্লিষ্ট সব ধরনের পণ্যের জন্য দ্রুত বিএসটিআইয়ের সিএম লাইসেন্স এবং মোড়কজাত পণ্যের নিবন্ধন সনদ সংগ্রহের নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) সন্দীপন ভট্টাচার্য্য এবং পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার।




