চট্টগ্রাম নগরীর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা নষ্ট করে অনুমোদনহীনভাবে পোস্টার লাগানোর দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
একই সঙ্গে অবৈধভাবে লাগানো পোস্টার নিজ উদ্যোগে অপসারণের অঙ্গীকারনামাও নেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছ থেকে।
সোমবার (৯ নভেম্বর) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ভাস, উন্মেষ, ফ্লোরেন্স নার্সিং স্কুল, ইনডেক্স ও সায়েন্স কেয়ারকে অর্থদণ্ড দেওয়া হয়।
চসিক সূত্র জানায়, নগরীর বিভিন্ন স্থানে অনুমোদন ছাড়াই পোস্টার লাগানোর অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু জরিমানা আদায় করেই অভিযান শেষ করেনি ভ্রাম্যমাণ আদালত।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছ থেকে নিজ নিজ উদ্যোগে ও দায়িত্বে অবৈধভাবে লাগানো পোস্টার অপসারণের অঙ্গীকারনামাও নেওয়া হয়েছে।
নগরীর সৌন্দর্য রক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং যত্রতত্র পোস্টার-ব্যানার লাগানোর প্রবণতা বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করছে চসিক।
নগরীর সৌন্দর্য নষ্ট হয়-এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে অবৈধ পোস্টার, ব্যানার ও ফেস্টুনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




