চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা দুই নেতাসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত ও অভিযুক্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অর্থঋণ মামলায় সাজাপ্রাপ্ত একজন, মহানগর পুলিশ অধ্যাদেশের মামলার চারজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলার দুজন এবং জিআর পরোয়ানাভুক্ত দুজন রয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কর্ণফুলী থানা-পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ।
পুলিশ জানায়, সিএমপির বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বন্দর) মো. সোহেল রানা পিপিএম-সেবা ও সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) নাফিস ইনসান। অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অর্থঋণ আদালতের ১৩৪১/২৫ নম্বর মামলায় অর্থঋণ আইনের ৩৪ ধারায় সাজাপ্রাপ্ত জেসমিন আক্তার রাবিব রয়েছেন।
এ ছাড়া মহানগর পুলিশ অধ্যাদেশের ৮৮ ধারায় মইজ্জ্যারটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মঞ্জুরুল হক রানা (২১), মো. শাহজাহান (২৪), মাফু আলম (২৬) ও মো. রাকিবকে (৩০)।
অন্যদিকে, আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা গোলাম মোস্তফা রাভেল (৩০) ও তাহের আহমেদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
তাঁদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় ১১ নভেম্বর দায়ের করা ১৭ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২), ৮, ৯ ও ১০ ধারায় অভিযোগ রয়েছে।
এ ছাড়া জিআর পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে মো. লোকমান (৪১) ও মো. শাহেদকে (৪০)। তাঁদের মধ্যে লোকমানের বিরুদ্ধে বাকলিয়া থানায় ২০২৪ সালে করা একটি মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।
অন্যদিকে, শাহেদের বিরুদ্ধে পটিয়া থানায় ২০২৬ সালে করা একটি মামলায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ৯ জনকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।




