চট্টগ্রামের বোয়ালখালীতে দোকানের টিনের চাল কেটে ফের চুরির ঘটনা ঘটেছে। এবার নগদ টাকা, মোবাইল রিচার্জ কার্ড, সিগারেটসহ বিভিন্ন পণ্য নিয়ে গেছে চোরেরা।
এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানমালিক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শান্তির বাজার এলাকায় রতন স্টোরে এ ঘটনা ঘটে। একই দোকানে এর আগেও চুরির ঘটনা ঘটেছিল।
দোকানমালিক রনি চৌধুরী জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে দোকান খুলতে এসে দেখেন, দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করেছে চোরেরা।
এরপর দোকানে থাকা নগদ টাকা, মোবাইল রিচার্জ কার্ড, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, দুধ, চিনি, চা-পাতা ও বিভিন্ন পানীয়সহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল নিয়ে যায় তারা।
রনি চৌধুরী আরও জানান, এর আগেও গত ১৬ মার্চ একই দোকানে চুরির ঘটনা ঘটেছিল। সেবার প্রায় ২৫ হাজার টাকার মালামাল চুরি হয়। একই দোকানে আবারও চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দোকানমালিক।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




