মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে রাতভর অভিযান, গ্রেপ্তার ৫-চারজনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের দুই দিনের পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা ও ১২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

এসব ঘটনায় দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি পুরোনো রাজনৈতিক মামলার তদন্তে প্রকাশিত এক আসামি, জিআর পরোয়ানাভুক্ত একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -
google news follower

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই সাদ্দাম হোসেনের একটি দল করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইসলামপুর ভবানী এলাকায় অভিযান চালায়।

- Advertisement -
islamibank

এ সময় আলেয়া বেগমের বসতঘরের ভাড়াটিয়া কামরুলের কক্ষের সামনে থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জাহিদ হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যান।

পরদিন ১২ নভেম্বর করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াটিলা মাজারের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ১২ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আপ্রু মারমা (৩০) ও নিটো চাকমা (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

একই দিন পৃথক অভিযানে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর জোরারগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার তদন্তে প্রকাশিত আসামি শাহাদাত হোসেনকে (২৬) ইসলামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত আলমগীর হোসেনকে হিঙ্গুলী এলাকা থেকে এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় লিটন হোসেন ইব্রাহিমকে (৩৫) দক্ষিণ ইসলামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় ১২ নভেম্বর রাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত বারইয়ারহাট ও জোরারগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।

ওসি মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সমন্বয় করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দিদারুল প্রকাশ কালু (২২), ইমাম হোসেন বাবলু (২২), বিকাশ চন্দ্র দে (৫০) ও আবু জাহিদ। তাঁদের যথাক্রমে সাত দিন, ছয় দিন, দুই দিন ও এক দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, পুলিশের পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ