চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিচালিত এ অভিযানে দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।
নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় ফুটপাতজুড়ে অবৈধ দোকানপাট বসিয়ে পথচারীদের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল।
দীর্ঘদিনের এমন দখলদারত্বের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব দোকান ও স্থাপনা সরিয়ে দেয় চসিকের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবারের এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযান সূত্রে জানা যায়, বহদ্দারহাট এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বসানোর মাধ্যমে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে প্রায় দুই শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানের মাধ্যমে ফুটপাতের অবৈধ দখল অপসারণ করে পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত করা হয়েছে।
চসিক সূত্র জানায়, জনস্বার্থে নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চান্দগাঁও থানা-পুলিশের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।




