নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এম কামাল উদ্দিন চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি)। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বহিষ্কৃত আইনবিষয়ক সম্পাদকও ছিলেন।
গত অক্টোবর মাসে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন কামাল উদ্দিন।
নিজেকে ওই কমিটির সভাপতি পরিচয় দিয়ে দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন কামাল উদ্দিন।
তাঁর অবস্থানের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা বাসাটি ঘিরে ফেলেন। পরে তাঁকে আটক করে পুলিশকে খবর দেন তাঁরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কামাল উদ্দিনকে নিজেদের হেফাজতে নেয়।




