চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দায়িত্ব নেওয়ার সময় সংস্থাটির দেনা ছিল ৫৯৬ কোটি টাকা। দুই বছরে তা কমে ৩২৫ কোটি টাকায় নেমেছে। বর্তমানে ব্যাংকে জমা রয়েছে প্রায় ২০০ কোটি টাকা। এ ছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে পাওনা রয়েছে ২৫০ কোটি টাকা। এসব পাওনা আদায় হলে সংস্থাটির আর্থিক অবস্থার আরও উন্নতি হবে বলে জানিয়েছেন চসিকের প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নিজের কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে এসব কথা বলেন তিনি।
শাহাদাত হোসেন বলেন, দায়িত্ব নেওয়ার সময় চসিকের আর্থিক অবস্থা ভালো ছিল না। তবে আয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনার মাধ্যমে দেনা কমানো সম্ভব হয়েছে। পৌর কর আদায়েও অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে সংস্থাটি।
দুই বছরে সড়ক ও নালা-নর্দমার উন্নয়নে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে বলে জানান তিনি। নগরের ৪৩টি ওয়ার্ডে এসব কাজ চলছে। সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ৭৬৯ কিলোমিটার সড়ক উন্নয়নের লক্ষ্য রয়েছে।
জলাবদ্ধতা নিরসনে নালা ও খাল পরিষ্কারের জন্য ৪৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ৪০টি খাল নিয়ে নতুন প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হচ্ছে। এক দিনে সর্বোচ্চ ৪২০ মিলিমিটার এবং সাত দিনে ১ হাজার ৪৫০ মিলিমিটার বৃষ্টিপাতের পরও নগরে বন্যা হয়নি। তবে পাঁচ-ছয়টি স্থানে জলাবদ্ধতা হয়েছে। চলমান খালগুলোর কাজ শেষ হলে পরিস্থিতির আরও উন্নতি হবে।
নাগরিক সেবা সহজ করতে চালু করা চট্টগ্রাম অ্যাপে ২০ হাজার ২২৭ জন নিবন্ধন করেছেন। বিভিন্ন সমস্যা নিয়ে জমা পড়া ৭ হাজার ১২০টি আবেদনের মধ্যে ৪ হাজার ২২২টি নিষ্পত্তি হয়েছে বলে জানান শাহাদাত।
নিয়োগে স্বচ্ছতার দাবি করে তিনি বলেন, ডিজিটাল চাকরির পোর্টালের মাধ্যমে প্রায় ৫৮ হাজার ৮৯২ জন আবেদনকারীর মধ্য থেকে লিখিত পরীক্ষার ভিত্তিতে ১৫৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগে ঘুষ বা অনিয়মের প্রমাণ দিতে পারলে তিনি পদত্যাগ করবেন।
নগরের ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে চসিক প্রশাসক বলেন, ১১টি মাঠের কাজ প্রায় শেষ। আরও ৩০টি মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ১০ লাখ গাছ লাগানোর কর্মসূচির আওতায় ইতিমধ্যে দুই লাখ গাছ লাগানো হয়েছে।
চট্টগ্রামকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে নগর সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করতে সব প্রতিষ্ঠানকে একই ব্যবস্থাপনার আওতায় আনা প্রয়োজন।
এ ছাড়া পতেঙ্গা থেকে দেওয়ানহাট পর্যন্ত সড়ক উন্নয়ন, দেওয়ানহাট সেতু পুনর্নির্মাণ, চড়ভাকলিয়ায় ১২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র, পাখির অভয়ারণ্য, ইকোপার্ক ও কেবল কার নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি। নগরের স্বাস্থ্যসেবার চাপ কমাতে রেলওয়ে হাসপাতালে ১০০ শয্যার হাসপাতালসহ মোহরা ও পতেঙ্গায় নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষা খাতে প্রতিবছর ৮০ থেকে ৯০ কোটি টাকা ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখার কথা উল্লেখ করে শাহাদাত বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্কুল স্বাস্থ্যকার্ড চালু করা হয়েছে। এর মাধ্যমে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ২০টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসায় ৪০ থেকে ৫০ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। নগরবাসীর সহযোগিতা চেয়ে তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়। নাগরিকদেরও যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সদস্যসচিব নাজিমুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। স্বাগত বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন।
জেএন/এমআর




