পতেঙ্গায় বাবার মৃত্যু, পাঁচ দিন পর কক্সবাজারে ছেলে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পতেঙ্গায় ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাবা রহিম উল্ল্যাহকে (৬৩) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে মো. রামিমের (২১) বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক থাকা রামিমকে পাঁচ দিন পর কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।

- Advertisement -

গতকাল রোববার (১৫ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর থানার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

- Advertisement -
google news follower

নিহত রহিম উল্ল্যাহর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজপাড়া গ্রামে। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরের পতেঙ্গার বিজয়নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

বিজয়নগরের ১৪ নম্বর ঘাট এলাকায় আক্কাসের মার্কেটের সামনে ভ্যানগাড়িতে কাপড়সহ বিভিন্ন পণ্য বিক্রি করতেন তিনি।

- Advertisement -
islamibank

এসআরবির ভাষ্য অনুযায়ী, রামিম তাঁর বাবার কাছ থেকে মালামাল নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করতেন। কিন্তু বিক্রির টাকা নিয়মিত বাবাকে বুঝিয়ে দিতেন না। ওই অর্থ অপ্রয়োজনে খরচ করতেন তিনি। এ নিয়ে বাবা তাঁকে সতর্ক করলে দুজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

এসআরবি জানায়, গত ১০ নভেম্বর রাত আটটার দিকে ব্যবসার টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রামিম তাঁর বাবাকে মারধর করেন।

পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দেন। এ সময় বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান রামিম।

তবে বিরোধের সেখানেই শেষ হয়নি। একই দিন রাত ১১টার দিকে বিজয়নগরের ১৪ নম্বর ঘাট এলাকায় আক্কাসের মার্কেটের সামনে আবারও বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে রামিম তাঁর বাবার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে।

এতে গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় মাটিতে পড়ে যান রহিম উল্ল্যাহ। পরে পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১১ নভেম্বর নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় রামিমকে প্রধান আসামি করা হয়েছে।

এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পর থেকেই পলাতক আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় ১৫ নভেম্বর কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে রামিমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ