চট্টগ্রাম নগরের কাট্টলী রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে জেলেদের প্রায় ৩০টি ঝুপড়িঘর পুড়ে গেছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, দুপুর পৌনে ১টার দিকে রাসমণি ঘাট এলাকায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে জেলেদের থাকার জন্য তৈরি ছোট ছোট প্রায় ৩০টি ঝুপড়িঘর পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



