দীর্ঘ ৫৫ দিনের অচলাবস্থা কাটিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবার শুরু হয়েছে পরীক্ষা।
গত শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগের পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ৫৫০ জন শিক্ষার্থী। তবে পরীক্ষা শুরু হলেও নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলমকে মেনে নেওয়ার অবস্থানে নেই শিক্ষার্থীরা।
অন্যদিকে পরীক্ষা আয়োজনের আইনগত বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন উপাচার্য নিজেই।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার পুরকৌশল, যন্ত্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলসহ ছয়টি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে একটি পরীক্ষা স্থগিত হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম বন্ধ ছিল।
গত ২৮ অক্টোবর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরলেও পরীক্ষা শুরু হয়নি। শ্রেণি কার্যক্রম শুরুর ১৮ দিন পর অবশেষে গতকাল থেকে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে।
তবে পরীক্ষা আয়োজনের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছেন উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলম। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অধ্যাদেশ অনুসরণ করে আইনসম্মতভাবে পরীক্ষার আয়োজন করা হয়নি।
তিনি বলেন, ‘গত কয়েক দিনে অনেক শিক্ষার্থী শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা শুরুর আইনি ভিত্তি নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছেন।
তাঁদের অভিযোগ, পরীক্ষার সময়সূচি তৈরির জন্য অধিকাংশ বিভাগীয় প্রধানকে চাপ দেওয়া হয়েছে, যা একাডেমিক অধ্যাদেশের পরিপন্থী।
আমার মতে, শ্রেণি ও পরীক্ষার সময়সূচি তৈরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।’
অধ্যাপক শেখ শরিফুল আলম আরও বলেন, একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিল। তাই পরবর্তী কাউন্সিল সভায় আনুষ্ঠানিকভাবে বিষয়টি উত্থাপন করে আলোচনা করবেন তিনি।
তবে পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে কোনো নিয়ম লঙ্ঘন হয়নি বলে দাবি করেছেন যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক মো. মোস্তফা কামাল ভূঁইয়া।
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চান। তাহলে কি আমরা পরীক্ষা নেব না? এখানে কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি। উপাচার্য কীভাবে বিষয়টি একাডেমিক কাউন্সিলে তুলবেন? তাঁর আহ্বান করা সিন্ডিকেট সভায় চুয়েটের কেউ অংশ নেননি।
একাডেমিক কাউন্সিলের সদস্যরাও চুয়েটের শিক্ষক। চুয়েটে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর তা বাতিল করার কোনো নজির আগে নেই।’
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে তাঁর স্থলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরিফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।
এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
একই দাবিতে কর্মবিরতি শুরু করেন শিক্ষকেরাও। পরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও এতে যোগ দেন। ফলে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।
গত ২৮ অক্টোবর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরলেও উপাচার্য নিয়োগ নিয়ে বিরোধের অবসান হয়নি। পরীক্ষাও শুরু করা সম্ভব হয়নি তখন।




