চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে সাজিদুল ইসলাম প্রকাশ বাবু (২০) নামের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নেয়াজর পাড়ায় তাঁর নানার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাজিদুল ইসলাম প্রকাশ সাজিদ মাহমুদ মাঈনুদ্দীন বাবু উপজেলার কাথরিয়া ইউনিয়নের মানিক পাঠান এলাকার শাহাব উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সাজিদুল নিজ বাড়িতে অবস্থান না করে বাঁশখালী পৌরসভার নেয়াজর পাড়ায় তাঁর নানার বাড়িতে ছিলেন।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তাঁর অবস্থান নিশ্চিত করে বাঁশখালী থানা পুলিশের একটি দল। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শুক্রবার দুপুরে বাঁশখালী প্রধান সড়কের মহাজনঘাটা এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বাঁশখালী উপজেলা ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়।
ওই মিছিলে সাজিদুল ইসলামও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। মিছিলটি ঘিরে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
দুপুরের ওই মিছিলের কয়েক ঘণ্টা পরই রাতে সাজিদুলের গ্রেপ্তারের খবর আসে। পুলিশের ভাষ্য অনুযায়ী, মিছিলে তাঁর উপস্থিতির তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, শুক্রবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে সাজিদুল ইসলামও উপস্থিত ছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে তাঁর নানার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার সাজিদুলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




