মাদক কারবারের চেনা চিত্রে সাধারণত সামনে আসে ইয়াবা বহন, কেনাবেচা কিংবা মজুতের ঘটনা। কিন্তু এবার সেই চিত্রে যুক্ত হয়েছে আরও উদ্বেগজনক এক অধ্যায়-ভাড়া বাসায় বসে ইয়াবা তৈরির আয়োজন।
আর পুলিশের ভাষ্য অনুযায়ী, এই আয়োজনের নেপথ্যে রয়েছেন মাত্র ১৯ বছর বয়সী এক তরুণ।
ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখার পর নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে হাটহাজারীর একটি ভাড়া বাসায় তা স্থাপন করেছিলেন তিনি।
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে দুই পিস ইয়াবাসহ আটকের পর ওই তরুণের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর বাসায় অভিযান চালায় পুলিশ।
সেখান থেকে জব্দ করা হয় ইয়াবা তৈরির একটি মেশিন, কথিত কাঁচামাল এবং বিভিন্ন সরঞ্জাম। গ্রেপ্তার করা হয়েছে তৌহিদুল আলম আকিব (১৯) নামের ওই তরুণকে।
পুলিশের এ অভিযানে সামনে এসেছে মাদক উৎপাদনের এক ভিন্ন চিত্র। এত দিন ইয়াবা উদ্ধার কিংবা মজুতের খবরের পাশাপাশি এবার পাওয়া গেল উৎপাদনের প্রস্তুতির সরঞ্জাম।
ফলে প্রশ্ন উঠেছে, ভাড়া বাসার আড়ালে মাদক তৈরির এমন আয়োজন কতটা বিস্তৃত এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না।
পুলিশের তথ্যমতে, গত ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আকিব।
এ সময় মোবাইল ৩১ ডিউটিতে থাকা পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ তাঁকে আটক করেন।
পরে তাঁর দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আকিব জানান, হাটহাজারীর কুয়াইশ এলাকার তাঁর ভাড়া বাসায় রয়েছে ইয়াবা তৈরির মেশিন।
এই তথ্য পাওয়ার পর চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়।
পরে এসআই মো. ফরহাদ মহিম, এসআই মো. ইমাম হোসেন ও এএসআই মো. মমতাজ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাসায় অভিযান চালান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আকিবের দেখানো ও শনাক্ত করা স্থান থেকে একটি ইয়াবা তৈরির মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের একটি স্লাইড ক্যালিপার্স জব্দ করা হয়। জব্দ করা মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আকিব দাবি করেছেন, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখেন তিনি।
এরপর নারায়ণগঞ্জ থেকে একটি মেশিন কিনে হাটহাজারীর কুয়াইশ এলাকার ভাড়া বাসায় স্থাপন করেন।
পুলিশের দাবি, ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আকিব।
এই বক্তব্যের মধ্য দিয়ে ঘটনাটিতে যুক্ত হয়েছে প্রযুক্তির অপব্যবহারের বিষয়টিও। তথ্য ও যোগাযোগের জন্য ব্যবহৃত অনলাইন মাধ্যমকে অপরাধমূলক কাজে কাজে লাগানোর অভিযোগ উঠেছে।
তবে জিজ্ঞাসাবাদে দেওয়া বক্তব্যের বাইরে ইয়াবা উৎপাদনের প্রকৃত পরিসর, বিক্রির পরিমাণ, ক্রেতা কিংবা সম্ভাব্য সহযোগীদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।
একই সঙ্গে জব্দ করা উপকরণ দিয়ে প্রকৃতপক্ষে কতটা উৎপাদন করা সম্ভব হয়েছিল, মেশিনটি কত দিন ধরে ব্যবহৃত হচ্ছিল এবং এর আগে তৈরি কোনো মাদক বাজারজাত করা হয়েছে কি না, সেসব প্রশ্নও তদন্তের জন্য গুরুত্বপূর্ণ।
চান্দগাঁও এলাকায় মাদক উদ্ধারের ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে নগরের চান্দগাঁও থানার পুরান কালুরঘাট এলাকা থেকে ১ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছিল পুলিশ। ওই ঘটনায় সোহেল নামে একজনকে আটক করা হয়েছিল।
এবার একই থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে দুই পিস ইয়াবাসহ আকিবকে আটক এবং পরে হাটহাজারীর ভাড়া বাসা থেকে তৈরির মেশিন ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় মাদক কারবারের আরেকটি দিক সামনে এসেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ ঘটনাটি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার আকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।




