চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে ভোক্তার পাতে স্বাস্থ্যঝুঁকি ও প্রতারণার নানা চিত্র উঠে এসেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে।
বাসি ও পচা খাবার সংরক্ষণ, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানার রং বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়। অভিযানে সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল।
অভিযানে সবচেয়ে বেশি জরিমানা করা হয় ফজল দিন ইকবাল দিন নামের প্রতিষ্ঠানকে।
যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানার রং বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, পূরবী হোটেলে অভিযান চালিয়ে ফ্রিজে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা রান্না করা পচা ও বাসি খাবারের সন্ধান পাওয়া যায়।
এসব খাবারের মধ্যে ছিল বাসি সবজি, তরকারি, গ্রিল ও বিরিয়ানি। আরও উদ্বেগজনক বিষয় হলো, অন্যের খাওয়ার পর প্লেট থেকে তুলে রাখা ভাতের সঙ্গে মাংস মিশিয়ে সংরক্ষণ করা হয়েছিল।
এ ছাড়া হোটেলটিতে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে পূরবী হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে বিসমিল্লাহ ঝাল বিতানকে খাবার ভাজার কাজে পোড়া ও অস্বাস্থ্যকর কালো তেল ব্যবহারের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।
অভিযান শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।




