ঋণ করে ফলানো ধানে আগুন, এখন ঋণ শোধের দায়ে দিশেহারা কৃষক জাহাঙ্গীর

অনলাইন ডেস্ক

ঋণ করে জমি চাষ করেছিলেন। বৃষ্টির কারণে জমি থেকে পাকা ধান কেটে রাস্তার পাশে স্তূপ করে রেখেছিলেন ঘরে তোলার আশায়। কিন্তু সেই আশাই শেষ পর্যন্ত পরিণত হয়েছে দুঃস্বপ্নে।

- Advertisement -

রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চট্টগ্রামের ফটিকছড়ির এক কৃষকের ৬০ শতক জমির পাকা ধান। এতে ফসল হারানোর পাশাপাশি লক্ষাধিক টাকার ঋণ পরিশোধ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি।

- Advertisement -
google news follower

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ১১ নম্বর সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম জাহাঙ্গীর।

জাহাঙ্গীর জানান, ঋণ করে জমিতে ধান চাষ করেছিলেন তিনি। বৃষ্টির কারণে পাকা ধান কেটে রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছিল।

- Advertisement -
islamibank

উদ্দেশ্য ছিল সুযোগমতো ধানগুলো বাড়িতে নিয়ে যাওয়া। কিন্তু রাতের আঁধারে কে বা কারা সেই ধানের স্তূপে আগুন ধরিয়ে দেয়। এতে তাঁর দেড়খানি জমির ধান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

আক্ষেপ করে জাহাঙ্গীর বলেন, ঋণ করে ধান চাষ করেছিলাম। এখন আমার সব ধান পুড়ে শেষ। লক্ষাধিক টাকা ঋণ কীভাবে পরিশোধ করব, তা একমাত্র আল্লাহই জানেন।

জাহাঙ্গীরের ছেলে মোহাম্মদ সেজু জানান, জমির মালিককে খাজনা দিয়ে তাঁর বাবা প্রায় লক্ষাধিক টাকা ঋণ নিয়ে ধান চাষ করেছিলেন। বৃষ্টির কারণে জমি থেকে ধান কেটে রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়। সকালে স্থানীয় কয়েকজন তাঁদের খবর দেন, কে বা কারা ধানের স্তূপে আগুন ধরিয়ে দিয়েছে।

তিনি বলেন, ‘আমরা এখন একেবারেই অসহায়। ঋণ করে চাষ করেছি। ফসল ঘরে তোলার আগেই সব পুড়ে শেষ হয়ে গেল। এখন কীভাবে ঋণের টাকা পরিশোধ করব, তা বুঝতে পারছি না। আমরা প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করছি।’

এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা এবং উওর জেলা ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক রক্সি ঘোষ।

তিনি বলেন, একজন কৃষকের কষ্টার্জিত ফসল এভাবে পুড়িয়ে দেওয়া অত্যন্ত ন্যক্কারজনক ও অমানবিক কাজ। যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা সমাজের ঘৃণ্য মানুষ। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সংসদ সদস্য সরোয়ার আলমগীর ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে, ঘটনার বিষয়ে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি মামলা দায়েরের সাপেক্ষে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ