রং ও পোড়া মবিল মিশিয়ে তৈরি করা হচ্ছিল নামিদামি ব্র্যান্ডের নকল মবিল। পরে সেসব মবিল বাজারজাত করার প্রস্তুতি চলছিল। এমনই একটি কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম।
একই অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে আরও দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নগরীর কদমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে অভিযানে সহযোগিতা করে চট্টগ্রাম মহানগর পুলিশের একটি দল।
অভিযানকালে কদমতলী এলাকার জয়শ্রী অটো মোবাইলস নামের একটি কারখানায় গিয়ে দেখা যায়, সেখানে রং ও পোড়া মবিল মিশিয়ে শারলু, আরএসম, মটলু ও ক্যাস্ট্রলের মতো নামিদামি ব্র্যান্ডের নামে মবিল তৈরি করা হচ্ছে। এ অপরাধে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় অভিযান পরিচালনাকারী দল।
এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শুনানিতে তলব করা হয়েছে। শুনানি শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
একই এলাকার সমতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে রান্না করা বাসি খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, নগরীর দেওয়ানহাট মোড় এলাকার তাজ ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোক্তাদের স্বার্থ ও অধিকার সুরক্ষায় এ ধরনের বাজার তদারকি এবং অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।




