চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একশ বোতল ফেনসিডিল এবং ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টেম্পু জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন-মো. আল আমিন (২৪) এবং মো. জাকির হোসেন (২৬)। শনিবার দুপুরে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার হাটহাজারী থানার ধোপার দিঘীরপাড় এলাকার একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক একটি টেম্পুতে তল্লাশী চালানো হয়।
এসময় টেম্পুর ভিতরে থাকা ২টি বাজারের ব্যাগ থেকে মোট ১০০ বোতল ফেনসিডিল এবং পলিথিন দ্বারা বিশেষ কৌশলে রক্ষিত ১০ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব।
পরে এসব মাদক বহনের জন্য দুজনকে গ্রেপ্তার এবং মাদক পরিবহনে ব্যবহৃত টেম্পুটি জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে জানায় র্যাব।
জেএন/পিআর




