লোহাগাড়ায় ছররা গুলিতে আহত দুই অটোরিকশাচালক আহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়ায় ছররা গুলিতে ব্যাটারিচালিত অটোরিকশার দুই চালক আহত হয়েছেন। আহতদের পরিবারের অভিযোগ, চাঁদার দাবি পূরণ না করায় স্থানীয় একটি সন্ত্রাসী দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়েছে।

- Advertisement -

সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদার ঘোনা গ্রামের আমীর বাপেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

আহত দুজন হলেন উপজেলার চুনতি ইউনিয়নের বড়ঘোনা এলাকার শাহ আলমের ছেলে কাইয়ুম শরিফ (১৯) এবং তাঁর বন্ধু বড়হাতিয়া ইউনিয়নের নতুন পাড়া এলাকার হামিদ হোসেনের ছেলে মো. আকিব (২০)।

গুরুতর আহত অবস্থায় তাঁদের প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

- Advertisement -
islamibank

গুলিবিদ্ধ আকিবের চাচাতো ভাই মো. ইমন জানান, স্থানীয় একটি সন্ত্রাসী দল আকিবের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল।

এর মধ্যে কিছু টাকা দেওয়া হলেও পুরো টাকা পরিশোধ না করায় সন্ত্রাসীরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিল। সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে পরিবারের দাবি।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় আকিব ও তাঁর বন্ধু কাইয়ুম অটোরিকশায় যাত্রী নিয়ে ওই এলাকায় যান।

এ সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রায় এক দশক ধরে বড়হাতিয়া এলাকায় দুটি সন্ত্রাসী দলের তৎপরতা রয়েছে। এসব দল ব্যবসায়ী ও স্থানীয় ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করে আসছে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটে। আতঙ্কের কারণে প্রকাশ্যে কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পান না বলেও জানান এলাকাবাসী।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লাহ আল ফাহিম বলেন, “রাত সাড়ে ৮টার দিকে আকিব এবং রাত ১০টার দিকে কাইয়ুমকে হাসপাতালে আনা হয়।

তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক মঙ্গলবার সকালে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ