চট্টগ্রামের সীতাকুণ্ডে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার ফৌজদারহাট লিংক রোড এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-রাউজানের নোয়াপাড়া এলাকার জামশেদ (৩০) ও শাকিব (২৪), কচুখাইন এলাকার সাব্বির হোসেন (২৪), বায়েজিদের বালুছড়া এলাকার মামুনুর রহমান মারুফ (২২), হাটহাজারীর ফতেপুর এলাকার আরমান (২৪) এবং হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আদনান হাবিব (২১)।
পুলিশের ভাষ্য, জুমার নামাজের পর কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে ফৌজদারহাট লিংক রোড এলাকায় জড়ো হন।
একপর্যায়ে তাঁরা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন-এমন খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে ছয়জনকে আটক করে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, জুমার নামাজের পর কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে ফৌজদারহাট লিংক রোড এলাকায় এসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে ছয়জনকে আটক করে।
ওসি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




