চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এর প্রতিবাদে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিও জানিয়েছেন তারা।
মঙ্গলবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এর আগে রাত সাড়ে ১১টা থেকেই চুয়েটের বিভিন্ন আবাসিক হল থেকে মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে স্বাধীনতা চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।
একপর্যায়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
পরে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার গোলচত্বর প্রদক্ষিণ করে আবার স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে শোনা যায় বিভিন্ন স্লোগান। এর মধ্যে ছিল-‘প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ নানা স্লোগান।
মিছিলে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, অনেকেই মনে করতে পারেন, আমাদের আন্দোলনে জনবল কমে যাচ্ছে। আজকের মিছিলে শিক্ষার্থীদের উপস্থিতিই তাদের এই মিথ্যা কথার জবাব।
একই বর্ষের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ হিল গালিব বলেন, চলমান আন্দোলনে কতিপয় মহল হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন। এমনকি পরিবারের সদস্যদের ক্ষতি করারও চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, হুমকি দিয়ে আমাদের এই আন্দোলন দমানো যাবে না।
আসাদুল্লাহ হিল গালিব আরও বলেন, আমাদের গণতান্ত্রিক দাবি একটাই-কুয়েটের অধ্যাপক ড. শরীফুল আলমকে উপাচার্য পদে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করতে হবে। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে।
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন চুয়েট শিক্ষার্থীরা।
অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে ধারাবাহিক কর্মসূচিও পালন করছেন তারা।
মধ্যরাতের এই বিক্ষোভের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের আন্দোলনে দৃঢ় থাকার বার্তা দিয়েছেন।
একই সঙ্গে হুমকি-ভয়ভীতি উপেক্ষা করে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।




