বিসিকের জমি নিয়ে ৩ কোটি টাকার অনিয়ম

নতুন দামে নয়, পুরোনো দামে প্লট!

দুদকের মামলায় সাবেক শিল্পসচিবসহ আসামি ৬

অনলাইন ডেস্ক

বাতিল হয়ে যাওয়া জমির বরাদ্দ পুনর্বহাল করতে গিয়ে নীতিমালা লঙ্ঘন এবং সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে।

- Advertisement -

চট্টগ্রামের ফৌজদারহাট বিসিক শিল্পনগরীর ১৯ হাজার বর্গফুট জমির বরাদ্দ ঘিরে প্রায় ৩ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা সরকারি রাজস্ব ক্ষতির অভিযোগে সাবেক শিল্পসচিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন একই কার্যালয়ের সহকারী পরিচালক সায়েদ আলম।

মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কার্যালয়ের উপপরিচালক মো. আল আমিন।

- Advertisement -
islamibank

মামলার এজাহার অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও পারস্পরিক যোগসাজশের মাধ্যমে দীর্ঘদিন আগে বাতিল হওয়া জমির বরাদ্দ পুনর্বহাল করা হয়।

এ ক্ষেত্রে ‘বিসিক প্লট বরাদ্দ নীতিমালা, ২০১০’-এর বিধান উপেক্ষা করে ১৯৭৯ সালের পুরোনো মূল্যে জমি বরাদ্দের সুযোগ করে দেওয়ার অভিযোগ করা হয়েছে।

মামলার আসামিরা হলেন চট্টগ্রামের ফৌজদারহাট বিসিক শিল্পনগরীর ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ ফয়সাল চৌধুরী, বিসিকের সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মুশতাক হাসান মুহ. ইফতিখার, শিল্প মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বলাই কুমার হালদার, সাবেক অতিরিক্ত সচিব বাসুদেব আচার্য্য, সাবেক অতিরিক্ত সচিব পরাগ এবং শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।

এ ঘটনায় সংশ্লিষ্ট তৎকালীন উপসচিব মো. মাহবুবুর রহমান মারা যাওয়ায় তাঁকে মামলায় আসামি করা হয়নি।

এজাহারের তথ্য অনুযায়ী, ১৯৭৯ সালের ২৩ জানুয়ারি চট্টগ্রামের ফৌজদারহাট বিসিক শিল্পনগরীর বিভিন্ন প্লটে মোট ২৪ হাজার বর্গফুট জমি ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছিল।

পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ১৯৯৩-৯৪ সালে প্লট বরাদ্দ কমিটির সভায় ওই জমির বরাদ্দ বাতিল করা হয়।

পরে বাতিল হওয়া জমির মধ্য থেকে ৫ হাজার বর্গফুট অন্য একটি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়। অবশিষ্ট ১৯ হাজার বর্গফুট জমি বিসিকের নিয়ন্ত্রণে খালি থাকে।

দীর্ঘ বিরতির পর ২০১৫ সালের ৩ মার্চ প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ ফয়সাল চৌধুরী নতুন নির্ধারিত মূল্যে অবশিষ্ট ১৯ হাজার বর্গফুট জমি পুনরায় বরাদ্দ পাওয়ার আবেদন করেন।

তবে ২০১৭ সালের ১০ জুলাই তিনি আগের অবস্থান থেকে সরে এসে নতুন নির্ধারিত মূল্যের পরিবর্তে ১৯৭৯ সালের পুরোনো মূল্যেই জমিটি চালুর অনুমতি চেয়ে বিসিক চেয়ারম্যানের কাছে আবেদন করেন।

দুদকের মামলার অভিযোগে বলা হয়েছে, বিসিকের নথিতে নতুন নিয়মে জমির মূল্য পরিশোধের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও তৎকালীন বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার ক্ষমতার অপব্যবহার করে প্রতিষ্ঠানটিকে অবৈধ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে শিল্প মন্ত্রণালয়ে চিঠি পাঠান।

এরপর শিল্প মন্ত্রণালয়ের অভিযুক্ত কর্মকর্তারা পরস্পর যোগসাজশে ‘বিসিক প্লট বরাদ্দ নীতিমালা, ২০১০’-এর ১৯(২) ধারা লঙ্ঘন করে ২০১৭ সালের ২৩ আগস্ট বাতিল আদেশ প্রত্যাহারের নির্দেশনা দিয়ে বিসিক চেয়ারম্যানকে চিঠি দেন।

দুদকের অভিযোগ, এভাবে ১৯ হাজার বর্গফুট জমির বাতিল বরাদ্দ পুনর্বহাল করে আসামিরা সরকারের প্রায় ৩ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা রাজস্ব ক্ষতি করেছেন এবং ওই অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় দণ্ডবিধির ৪২০, ৪০৯ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

মামলার অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য বা তাঁদের পক্ষের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ