চট্টগ্রামের হাটহাজারীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা তিনজনও আহত হয়েছেন।
চট্টগ্রামের হাটহাজারীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুহাম্মদ ইফতেখার (৩২) ও মুহাম্মদ ইরাদ (৩০) নামের দুই ভাই নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুসার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বংলাশ গ্রামের বাসিন্দা। তাঁরা মুহাম্মদ হারুনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে ইফতেখার বিবাহিত। স্ত্রী ও এক সন্তান রয়েছে তাঁর।
স্থানীয় সূত্রে জানা যায়, ইফতেখার প্রবাসী। প্রায় তিন মাস আগে ছুটিতে দেশে আসেন তিনি। আজ সকালে ছোট ভাই ইরাদকে সঙ্গে নিয়ে বাজার করতে হাটহাজারী সদরের উদ্দেশে বাড়ি থেকে বের হন।
পথে মুসার দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ইফতেখার নিহত হন। গুরুতর আহত ইরাদকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা তিনজনও আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তবে তাঁদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইফতেখারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ইফতেখার প্রবাসী ছিলেন। তবে তিনি কোন দেশে থাকতেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তাঁর লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে ইরাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম।
তিনি বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইরাদের মৃত্যু হয়েছে।




