নাশকতা ও সহিংসতা প্রতিরোধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবেন ছয় প্লাটুন বিজিবি সদস্য। বাকি ছয় প্লাটুন দায়িত্ব পালন করবেন জেলার বিভিন্ন উপজেলায়।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল থেকে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। এরপর মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাঁদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রাম মহানগরে ছয় প্লাটুন এবং জেলার বিভিন্ন উপজেলায় আরও ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।
নাশকতা ও সহিংসতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই মোতায়েন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।




