চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আরিফ তালুকদার (২৫) নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার জিরি ইউনিয়নের মালিয়ারা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আরিফ তালুকদার পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি জিরি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের মালিয়ারা এলাকার বাসিন্দা। তাঁর বাবা জহুরুল হক, যিনি মনির চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলায় আরিফ তালুকদারের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মালিয়ারা বাজার এলাকায় অভিযান চালায় পটিয়া থানা-পুলিশ।
থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপরাধের সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুযুৎস যশ চাকমা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আরিফ তালুকদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শনিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।




