নোয়াখালীর বঙ্গোপসাগরঘেঁষা স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষায়িত কমান্ডো ও অভিযানিক ইউনিটের সমন্বয়ে আয়োজিত যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করতে সেখানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের সামরিক সক্ষমতা, সমন্বিত অভিযান পরিচালনার প্রস্তুতি এবং দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জাম পর্যবেক্ষণই এ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি নোয়াখালীর স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ফোর্সগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন।
এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটের একযোগে অংশগ্রহণ এ আয়োজনকে সামরিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
মহড়া পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন। এ সময় অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রমও পর্যবেক্ষণ করবেন তিনি।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। কৌশলগত ও প্রশিক্ষণগত গুরুত্ব বিবেচনায় ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
গত এক যুগেরও বেশি সময়ে দ্বীপটিতে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। তবে এবারের আয়োজনের বিশেষত্ব হলো-প্রথমবারের মতো সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট একই বিশেষ যৌথ মহড়ায় অংশ নিচ্ছে।
সামরিক বাহিনীর তিনটি বিশেষায়িত ইউনিটের এই সম্মিলিত অংশগ্রহণ আন্তঃবাহিনী সমন্বয়, বিশেষ অভিযান পরিচালনার সক্ষমতা এবং সমন্বিত সামরিক প্রস্তুতির দিক থেকে গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।
মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।




