‘দিচ্ছি, দিচ্ছি’ বলেও রক্ষা নেই-চট্টগ্রামে ছিনতাইয়ের দৃশ্য ভাইরাল

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পেছনের সতীশ বাবু লেইনে দিনদুপুরে রিকশার পথরোধ করে এক যাত্রীর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

- Advertisement -

ছুরি হাতে দুই যুবক দুই দিক থেকে রিকশাটি ঘিরে ধরে ওই যাত্রীর পকেট তল্লাশি করে টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে যায় বলে অভিযোগ।

- Advertisement -
google news follower

ঘটনার সময় প্রাণভয়ে ওই ব্যক্তিকে বারবার ‘দিচ্ছি, দিচ্ছি’ বলতে শোনা যায়। পুরো ঘটনাটি পাশের একটি ভবন থেকে মোবাইল ফোনে ধারণ করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ২৭ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

- Advertisement -
islamibank

তবে ছিনতাইয়ের ঘটনাটি ঠিক কবে ও কখন ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে দেখা যায়, নীল রঙের ফুলহাতা শার্ট ও জিন্স পরা এক যুবক এবং কালো প্যান্ট ও সাদা টি-শার্ট পরা আরেক যুবক ছুরি হাতে একটি রিকশার দুই পাশে অবস্থান নিয়েছে।

তারা রিকশার যাত্রীর পথরোধ করে তাঁর পকেট থেকে জোরপূর্বক টাকা-পয়সা ও মোবাইল ফোন বের করে নেয়।

একপর্যায়ে আতঙ্কিত ওই যাত্রীকে ‘দিচ্ছি, দিচ্ছি’ বলতে শোনা যায়। ছুরি হাতে দুই যুবকের সামনে তিনি অনেকটা অসহায় অবস্থায় নিজের পকেট থেকে মালামাল বের করে দিতে বাধ্য হন বলে ভিডিওতে দেখা যায়।

এ সময় রিকশাচালককেও অসহায়ভাবে বসে থাকতে দেখা যায়। ঘটনাস্থলের কিছুটা দূরে দাঁড়িয়ে এক তরুণ পুরো ঘটনাটি প্রত্যক্ষ করলেও ছুরি হাতে থাকা ছিনতাইকারীদের প্রতিরোধে আশপাশের কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। লুটপাট শেষে দুই যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

নগরের গুরুত্বপূর্ণ একটি থানার পেছনের সড়কে প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগ ওঠায় ওই এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনার বিষয়ে জানতে শনিবার কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর-এর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

পরে থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসমা বেগম-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সকাল ৮টায় ডিউটিতে এসেছি। সতীশ বাবু লেইনে ছিনতাইয়ের বিষয়ে আমি কিছু জানি না।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাটি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

একই সঙ্গে ভুক্তভোগীর পরিচয় এবং ছিনতাই হওয়া অর্থ ও মালামালের পরিমাণও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, থানার পেছনের সড়কে দিনের বেলায় ছুরি হাতে দুই যুবকের এমন কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ্যে আসায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

তবে ভিডিওতে দেখা ঘটনার সত্যতা, ঘটনার সময় এবং জড়িতদের পরিচয় সম্পর্কে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ