চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সায়হান (১২) নামে এক মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত সায়হান উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা ফতেয়াখীল এলাকার প্রবাসী ওসমানের মেজ ছেলে।
সে ফতেয়ারখীল আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান (রহ.) সুন্নিয়া নূরানী ইবতেদায়ি মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরণদ্বীপ ইউনিয়নে সায়হানের নানার বাড়ি। রোববার দুপুরে সেখানে গিয়ে পুকুরে গোসল করতে নামে সে। একপর্যায়ে পানিতে ডুবে যায় সায়হান।
পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী বলেন, চরণদ্বীপ ইউনিয়নে সায়হানের নানার বাড়ি।
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যায় সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সায়হানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হলে মৃত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী।
মাত্র ১২ বছর বয়সেই সায়হানের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।




