ফটিকছড়ির প্রাচীনতম ও ঐতিহ্যবাহী হাইদচকিয়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মাতৃমন্দিরের প্রতিষ্ঠাতা, স্বর্গীয় ধর্মচিন্তক পণ্ডিত নিরোধ বরণ আচার্য্যের সহধর্মিনী, ধর্মনুভাবক প্রয়াত লীলাবতী আচার্য্যের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ (২৩ সেপ্টেম্বর, বুধবার)।
এই উপলক্ষে পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ মিলনায়তনে এক ভক্তিঘন ও আবেগপূর্ণ স্মারকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পণ্ডিত তরুণ কুমার আচার্য্য ও পণ্ডিত উজ্জ্বল চক্রবর্ত্তীর পৌরোহিত্যে দিনব্যাপী নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচি পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে অর্ঘ্য নিবেদনের অংশ হিসেবে দিনব্যাপী রয়েছে শশ্মানমঠে পুষ্পস্তবক অর্পন, ভক্তিগীতি, গীতাপাঠ এবং সমবেত প্রার্থনা।
শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ থাকছে না এই আয়োজন, প্রয়াণদিবসকে স্মরণীয় করে রাখতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য রাখা হয়েছে ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসা ও বিনামূল্যের ঔষধ সেবা।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে লীলাবতী আচার্য্যের স্মৃতি ও জীবনদর্শন নিয়ে আলোকপাত করবেন পূর্ব আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্চ্চনা রানী আচার্য্য।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তুর্ণা আচার্য্য।
ধর্মীয় পর্বের অংশ হিসেবে সকালে ভক্তদের মাঝে বাল্যভোগ প্রদান করা হয়েছে এবং দুপুরে পরিবেশিত হবে ঐতিহ্যবাহী শাকান্ন ভোগ।
অপরাহ্ণে বিশ্বশান্তি ও সকলের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটবে।
মহীয়সী এই ধর্মনুভাবকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানমালায় সর্বস্তরের ভক্তিসাধক ও ধর্মপ্রাণ জনসাধারণকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন ও সাধারণ সম্পাদক ধীমান দাশ।




