সেন্ট মার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফভি রিফাত’ নামের একটি মাছ ধরার নৌকাসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ১৩ জন জেলেকে নিয়ে টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় ‘এফভি রিফাত’।
মাছ আহরণ শেষে গতকাল সোমবার বিকেল ৪টার দিকে পোতাশ্রয়ে ফেরার পথে হঠাৎ নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সেন্ট মার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে নৌকাটি নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে।
বিপদের মুহূর্তে নৌকায় থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে ফোন করে সহায়তা চান। খবর পাওয়ার পরই দ্রুত উদ্ধার অভিযান শুরু করে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানায়, গভীর সমুদ্রে টহলরত জাহাজ বিসিজিএস ‘সৈয়দ নজরুল’ উদ্ধার অভিযানে অংশ নেয়। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে সেন্ট মার্টিন থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফভি রিফাত’কে শনাক্ত করে উদ্ধারকারী দল।
পরে নৌকাসহ ১৩ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় খাবারও সরবরাহ করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার করা জেলেদের ফিশিং বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি জানান, সমুদ্রে যেকোনো ধরনের বিপদে দ্রুত সহায়তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জরুরি উদ্ধার অভিযান অব্যাহত রাখবে কোস্ট গার্ড।




