ঋণের বিপরীতে দেওয়া চেকও প্রত্যাখ্যাত, রিজেন্ট টেক্সটাইলের শীর্ষ পাঁচ কর্তার কারাদণ্ড

অনলাইন ডেস্ক

ব্যাংকের ঋণের বিপরীতে দেওয়া ৬ কোটি ৭০ লাখ ৭৪ হাজার টাকার চেক প্রত্যাখ্যানের মামলায় চট্টগ্রামের রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ পরিচালককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

- Advertisement -

একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৬ কোটি ৭০ লাখ ৭৪ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

- Advertisement -
google news follower

গত ৪ নভেম্বর চট্টগ্রামের ৫ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা বেগম মুক্তা এ রায় ঘোষণা করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুসরাত আরা হীরা রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

- Advertisement -
islamibank

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব এবং তিন পরিচালক মোহাম্মদ ইয়াসিন আলী, মাশরুফ হাবিব ও তানভির হাবিব।

আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার দিন পাঁচ আসামির কেউই আদালতে উপস্থিত ছিলেন না। তাঁরা পলাতক থাকায় আত্মসমর্পণ অথবা গ্রেপ্তারের পর থেকে তাঁদের সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ব্যাংক থেকে নেওয়া ঋণের বিপরীতে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের পক্ষ থেকে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির আগ্রাবাদ শাখায় ৬ কোটি ৭০ লাখ ৭৪ হাজার টাকার একটি চেক জমা দেওয়া হয়েছিল।

কিন্তু ২০২৩ সালের ২৯ আগস্ট চেকটি ব্যাংকে উপস্থাপন করা হলে তা প্রত্যাখ্যাত হয়।

এরপর চেকের অর্থ আদায়ে আইনি পদক্ষেপ নেয় ব্যাংক। ৩ সেপ্টেম্বর ব্যাংকের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট নুসরাত আরা হীরা আসামিদের আইনি নোটিশ পাঠান।

৭ সেপ্টেম্বর আসামিরা নোটিশ গ্রহণ করলেও চেকের বিপরীতে পাওনা অর্থ পরিশোধ করেননি।

এ ঘটনায় ২০২৩ সালের ১৭ অক্টোবর ব্যাংকের পক্ষ থেকে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৬-এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ও ১৪০ ধারায় মামলা করা হয়।

পরে মামলাটি বিচারের জন্য ৫ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

গত ৩ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ৬ অক্টোবর সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর আদালত ৪ নভেম্বর মামলার রায় ঘোষণা করেন।

রায়ে পাঁচ আসামির প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড ও ৬ কোটি ৭০ লাখ ৭৪ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ