চট্টগ্রামের আলোচিত শিল্পগ্রুপ সাদ-মুসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এই ব্যবসায়ীকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আটটার দিকে নগরের আগ্রাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোহাম্মদ মহসিনের বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এসব পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে থানায় নেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার পাঁচটি চেক প্রত্যাখ্যানের মামলায় গত বছরের ২৫ ফেব্রুয়ারি মহসিনকে মোট পাঁচ বছরের কারাদণ্ড দেন চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত।
৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা পাওনা দাবিতে করা পৃথক পাঁচ মামলার প্রতিটিতে তাঁকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
ওই দিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন মহসিন। তবে আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে তিনি জামিনে মুক্তি পান।
এর আগে ঋণখেলাপির মামলায় ২০২৪ সালের এপ্রিলে মোহাম্মদ মহসিন ও তাঁর স্ত্রী শামীমা নারগিছ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন চট্টগ্রামের অর্থঋণ আদালত।
ওই সময় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাদ-মুসা গ্রুপের প্রায় তিন হাজার কোটি টাকার ঋণখেলাপির তথ্য সামনে আসে।
ব্যাংকঋণ নিয়ে অনিয়মের অভিযোগেও মহসিনের বিরুদ্ধে মামলা রয়েছে। ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর কয়েক মাস পর, ২০২৫ সালের মার্চে প্রাইম ব্যাংকের চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মহসিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আরেকটি মামলা করে সংস্থাটি।
১৯৯৪ সালে মোহাম্মদ মহসিনের হাত ধরে যাত্রা শুরু করেছিল সাদ-মুসা গ্রুপ। পরবর্তী সময়ে পোশাক ও বস্ত্রশিল্পের বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করে প্রতিষ্ঠানটি।
একসময় শিল্প ও ব্যবসা-বাণিজ্যে পরিচিতি পাওয়া গ্রুপটি সাম্প্রতিক বছরগুলোতে অবশ্য আলোচনায় এসেছে ভিন্ন কারণে।
ব্যাংকঋণ খেলাপি, চেক প্রত্যাখ্যান এবং অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একের পর এক মামলা ও আইনি পদক্ষেপ সামনে এসেছে।
সাত মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মহসিনের এই গ্রেপ্তার সাদ-মুসা গ্রুপের আর্থিক সংকট ও আইনি জটিলতাকে আবারও সামনে নিয়ে এসেছে।




