চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক সক্রিয় সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের একজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। অপরজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকা এবং শিকলবাহা-পটিয়া ক্রসিং এলাকার রিভার ভিউ কমিউনিটি সেন্টার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আইয়ুব (৩৯) ও মো. জনি (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে পৃথক অভিযান দুটি পরিচালিত হয়। বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকা থেকে গ্রেপ্তার মো. আইয়ুবের বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি মামলা রয়েছে।
১১ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা মামলা নম্বর ১৭-তে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২), ৮, ৯ ও ১০ ধারায় অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, শিকলবাহা-পটিয়া ক্রসিং এলাকার রিভার ভিউ কমিউনিটি সেন্টার থেকে মো. জনিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাঁকে আটক করা হয়েছে।
এ-সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ১০১১, যা ১৯ নভেম্বর ২০২৬ তারিখে কর্ণফুলী থানায় নথিভুক্ত করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. সোহেল রানা পিপিএম-সেবা এবং সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) নাফিস ইনসানের তত্ত্বাবধান ছিল।




